ধর্ষণ : একজনের যাবজ্জীবন, আরেকজনের ১৪ বছর
১৩ শ্রাবণ ১৪১৮, Thursday, July 28, 2011 || স্টাফ রিপোর্টার ||ঝালকাঠি প্রতিনিধি ।। কিশোরী অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুই যুবকের একজনকে যাবজ্জীবন ও অপরজনকে ১৪ বছর করাদণ্ড দিয়েছেন ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২’র বিচারক মোঃ সিদ্দিকুল আরেফিন চৌধুরী ।
দণ্ডপ্রাপ্তরা হলো- রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের হানিফ শরিফের ছেলে জাকির শরিফ এবং একই উপজেলার বারবাকপুর গ্রামের মোবাক্ষের আলীর ছেলে লিটন মৃধা।
ধর্ষণকারী জাকির শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে সহায়তা করায় লিটন মৃধাকে দেয়া হয়েছে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ।
বৃহস্পতিবার বিকেলে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এম আলম খান কামাল সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ৬ এপ্রিল সন্ধ্যায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের এক কিশোরী রিকশাযোগে বাড়ি যাচ্ছিলো।
নারিকেলবাড়িয়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে জাকির শরীফ তাকে অপহরণ করে স্কুলের ভেতরে আটকে রেখে রাতভর ধর্ষণ করে ।
পরে তার বন্ধু লিটন মৃধার সহযোগিতায় ৭ এপ্রিল কিশোরীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকার একটি বাসায় ৭ দিন আটকে রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে জাহিদ ও লিটন। এরপর ওই বাসা থেকে কৌশলে পালিয়ে আসে কিশোরী তার পরিবারকে ঘটনা জানায়।
এ ঘটনায় ২০০৪ সালের ১১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করেন কিশোরীর পিতা।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।