চরফ্যাশনে ৬ ট্রলারে ডাকাতি ৩ জন গুলিবিদ্ধ

,

ভোলা প্রতিনিধি ।। ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মঙ্গলবার রাতে ৬ জেলে ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে ৩ জন গুলিবিদ্ধসহ ৫ জেলে আহত হয়েছে। অপহরণ করে নিয়ে গেছে ৪ জেলেকে। মালপত্রসহ ছিনিয়ে নিয়েছে দুটি ট্রলার। চরফ্যাশনের নুরাবাদ ঘাটের নুরুল ইসলাম কোম্পানির মালিকানাধীন একটি ট্রলারে হামলা চালিয়ে লুট করে জলদস্যুরা। এ সময় দস্যুদের ছোড়া গুলিতে হুমায়ুন, সিরাজ ও হারুন নামের ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ট্রলার মাঝি সিরাজকে দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় হুমায়ুন ও হারুন ঘাটে ফিরে আসার পর তাদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় হুমায়ুনকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবার বিকেলে কুকরী ও ঢালচরের শিবচর ও রাক্ষুসিয়া এলাকা থেকে ঢালচর ঘাটের বাবুল মাঝি ও নুরুল ইসলাম মাঝি, কুকরী মনুরাঘাটের রহম আলী মাঝি, শাহে আলম মাঝি ও শানু মাঝির ৫টি ট্রলারে ডাকাতি হয়েছে। অপহৃত জেলে ও ছিনতাইকৃত ট্রলার ফিরিয়ে আনার জন্য মালিক পক্ষের সঙ্গে জলদস্যুদলের দর কষাকষি চলছিল।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে