ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষা ও আবাসন ব্যবস্থা হচ্ছে
৫ বৈশাখ ১৪১৯, Wednesday, April 18, 2012 || স্টাফ রিপোর্টার ||
স্টাফ রিপোর্টার।। ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত অসহায় ৩০০ শিশুর জন্য বরিশালে ২টি আবাসন কেন্দ্র চালু হচ্ছে । সেখানে থাকবে শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম, কম্পিউটারসহ কারিগরি শিক্ষা ও থাকা খাওয়ার ব্যবস্থা। সমাজসেবা অধিদপ্তর এর বাস্তবায়ন করছে। ওই বিভাগ জানায় নগরীর কলেজ রো এলাকায় মিশাল ম্যানশনে প্রথম কেন্দ্রটি চালু করার কাজ এগিয়ে চলছে। ওই ভবনে ১৫০ ছেলে শিশুকে রাখা হবে এখন। আরও ১৫০ মেয়ে শিশুর জন্য একই এলাকায় বাড়ী দেখা হচ্ছে বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। আগামী মাসে তা চালু হবে বলে জানা গেছে। ওই প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ( ডিপিডি) মো. আবু জফর জানান, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বরিশালসহ ৭ বিভাগে ৭৯ কোটি টাকার প্রকল্প শুরু হয় ২০০৯ সালে। বরিশালে এর কার্যক্রম শুরু হয় গত ১৫ জানুয়ারি। নগরীতে ১৮ হাজার বর্গফুটের ২টি আবাসন ভবন পাওয়া যাচ্ছিলনা জানান ডিপিডি। তিনি বলেন বাড়ী ভাড়ার সরকারী রেট কম হওয়া, অগ্রিম ভাড়া না দেওয়া এবং শিশুদের জন্য ভাড়া দিতে আপত্তির কারনে তারা কেন্দ্র চালু করতে সমস্যায় পরেন।
অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বরিশালে ২টি পুরানো আবাসন কেন্দ্র রয়েছে। এতিম শিশুদের জন্য সেখানে আসন আছে ৩৭৫টি। যার ২শ’ মেয়েদের ও ১৭৫টি ছেলেদের। ওই কেন্দ্রে আসন পাবার জন্য যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের মধ্যে থেকে ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিতদের অগ্রাধিকার ভিত্তিতে নতুন কেন্দ্রে আসন দেওয়া হবে জানান সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো: মাহবুবুল হক। তিনি আরও বলেন পরে বরাদ্দ বাড়িয়ে ভবন নির্মানের সিদ্ধান্ত নেয়া হবে ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।