আজ পটুয়াখালী গণহত্যা দিবস
১৩ বৈশাখ ১৪১৯, Thursday, April 26, 2012 || স্টাফ রিপোর্টার ||পটুয়াখালী প্রতিনিধি।। আজ ২৬ এপ্রিল বৃহস্পতিবার পটুয়াখালী গণহত্যা দিবস।
১৯৭১ সালের সেদিন ছিল সোমবার। শহরের উত্তরদিক থেকে গগণবিদারী আওয়াজ তুলে ধেয়ে আসে বেশ ক’টি পাকিস্তানি জঙ্গী বিমান। বৃষ্টির মত গোলাবর্ষণ, শেলিং ও মেশিনগানের গুলি ছুড়ে যেন ধ্বংস করে দেয় পটুয়াখালী শহর।
এ হামলা থেকে নিজকে রক্ষা করতে হাজার হাজার নারী-পুরুষ ওই সময় শহর সংলগ্ন লোহালিয়া ও লাউকাঠি নদীতে ঝাপ দেয়। পিচাশরা ওই নদীতেও অবিরাম গুলি বর্ষণ করে শত শত নারী-পুরুষকে হত্যা করে।
পাকসেনারা পটুয়াখালী খাদ্য গুদাম ঘাটে চাল, গম ও চিনি বোঝাই ৪টি বার্জও ডুবিয়ে দেয়। ৪টি হেলিকপ্টার থেকে ২নং বাঁধঘাট ও পশু হাসপাতাল এলাকায় খান সেনাদের নামিয়ে দেওয়া হয়।
পটুয়াখালীর পুরান বাজারসহ বিভিন্ন এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় ঘর-বাড়ি। চাঁদমারী, কালিকাপুর, মাতবর বাড়ি ও ডিসি বাংলোর দক্ষিন পাশে ব্রাশ ফায়ার করে হত্যা করে শত শত মানুষ।
বিভিন্নস্থান থেকে ধরে আনা বন্দিদের বর্তমান পুরাতন জেলখানার পশ্চিম-দক্ষিণ কোনে গুলি করে হত্যা করা হয়। সেখানকার গণকবরগুলো এখনো ওই বিভীষিকাময় দিনগুলি মনে করিয়ে দেয়।
এ সময় পাকহানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে আনসার বাহিনীর সাত সদস্য পটুয়াখালীতে প্রথম শহীদ হন।
এরপর পাকহানাদার বাহিনীরা শহরের কালিকাপুর এলাকার মাদবর বাড়িতে গণহত্যা চালালে একই পরিবারের ১৯ জন শহীদ হন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।