বরিশালে তিনদিনের বইমেলা শুরু
২০ বৈশাখ ১৪১৯, Thursday, May 3, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। ‘বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন’ এই শ্লোগানের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বইমেলা। বৃহস্পতিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে বইমেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দাউদ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজা মিয়া সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো হচ্ছে ঢাকার কথা প্রকাশ, বরিশাল বিভাগীয় গণ গ্রন্থাগার, শিশু একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন, অরিয়েন্টাল বুক ডিপো, বাণী বিতান লাইব্রেরী, বইপত্র, বই বিতরনী, রিভাইব আইটি সহ আরো কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বরিশালে শুরু হওয়া এই বইমেলার প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষনীয়।
ঢাকা থেকে আসা সৃজনশীল প্রকাশনী কথা প্রকাশের সত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন জানান, বরিশালের এই বইমেলায় আমাদের প্রকাশিত প্রায় আড়াই শতাধিক বইয়ের প্রদর্শন ও বিক্রয় হচ্ছে। এরমধ্যে বেশ কয়েকটি বই রয়েছে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের লেখক এবং গবেষকদের।
মেলা চলবে আগামি ৫ মে শনিবার পর্যন্ত।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।