শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়নে শুভেচ্ছা দূত হলেন সামিনা, শমী, মুশফিক, মুন্নী
২২ বৈশাখ ১৪১৯, Saturday, May 5, 2012 || স্টাফ রিপোর্টার ||স্টাফ রিপোর্টার।। শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়নে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন চার শিল্পী, অভিনেত্রী, সাংবাদিক ও ক্রিকেট তারকা।
এরা হলেন- সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, সাংবাদিক শাহনাজ মুন্নী ও ক্রিকেটার মুশফিকুর রহিম।
মাতৃ ও সদ্যোজাত শিশু স্বাস্থ্য সেবা নিয়ে ঢাকায় চলমান আঞ্চলিক বৈঠকের দ্বিতীয় দিন শনিবার ইউএসএআইডি’র পরিচালক খাদিজাত এল মোজিদি শুভেচ্ছা দূতদের পরিচয় করিয়ে দেন।
এ সময় তারা মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় কাজ করার জন্য ‘অঙ্গীকারনামায়’ সই করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিক।
শুভেচ্ছা দূত নির্বাচিত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় সামিনা চৌধুরী বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি মা ও শিশুর মৃত্যু রোধে কাজ করতে চাই।’
আট বছর আগে নিজের সদ্যোজাত সন্তানকে হারানোর স্মৃতিকাতর সামিনা বলেন,’একটা বাচ্চা মারা গেলে তার মায়ের একটা অংশও মরে যায়। তাকে ওই ক্ষতি নিয়েই বেঁচে থাকতে হয়।’
বাংলাদেশে প্রতি বছর সাত হাজার প্রসূতির মৃত্যু হয়। একই সময়ে পাঁচ বছরের কম বয়সী ১ লাখ ৮৫ হাজার পাঁচশ’ শিশু মারা যায়।
মাতৃ ও সদ্যেজাত শিশু স্বাস্থ্য সেবা নিয়ে তিন দিনের এ বৈঠকে এশিয়ার ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।