জেলে যাওয়ার আবেদন!
২৩ জ্যৈষ্ঠ ১৪১৯, Wednesday, June 6, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় জামিন নিতে এসে উল্টো কারাগারে যাওয়ার আবেদন করেছেন এক আসামি। বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিনব ঘটনা ঘটে।
সুমনের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, র্যাবের গ্রেপ্তার এড়াতে ও নিজের নিরাপত্তার জন্য সুমন আদালতে জামিনের আবেদন না করে কারাগারের হেফাজতে যাওয়ার আবেদন করেন।আদালত আবেদন মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বরিশালের গোড়চাঁদ দাস লেনের বাসিন্দা শহীদুল ইসলাম সুমন মোটরসাইকেলে করে আদালতপাড়ায় ঢুকছিলেন। এ সময় সাদা পোশাকের কয়েক ব্যক্তি তাকে মোটরসাইকেল থামানোর সংকেত দেন।
সুমন মোটরসাইকেল না থামিয়ে দ্রুতবেগে জেলা আইনজীবী সমিতির বর্ধিত ভবনের সামনে তার আইনজীবী আবুল কালাম আজাদ ইমনের সামনে গিয়ে থামেন। এসময় সাদা পোশাকের ব্যক্তিরা ছুটে এসে সুমনের কলার ধরে টানাহেঁচড়া শুরু করেন।
সুমনের পক্ষের আইনজীবী সাদা পোশাকধারীদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। আইনজীবী আবুল কালাম আজাদ র্যাব সদস্যদের জানান, আদালত পাড়া থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায় না। তখন তারা সুমনকে ছেড়ে দিয়ে চলে যান।
গত ৭ ফেব্রুয়ারি সুমন এ মামলায় উচ্চ আদালত থেকে ৪ মাসের জামিন নেন। এ মামলায় সুমনের বাবা-মা ও ২ ভাইও আসামি।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।