মীর কাসেমের জামিন আবেদন খারিজ
৫ আষাঢ় ১৪১৯, Tuesday, June 19, 2012 || স্টাফ রিপোর্টার ||
ঢাকা নিউজ।। জামায়াত নেতা মীর কাসেম আলীর জামিনের আবেদন শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক মঙ্গলবার এই আদেশ দেন। সোমবার এই জামিন আবেদনের ওপর শুনানিতে মীর কাসেমের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এই জামায়াত নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক নয়। তিনি বিদেশ গিয়ে ট্রাইব্যুনালের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তাও ভুল।
তিনি যুক্তি দেন, ৬২ বছর বয়সী মীর কাসেম অসুস্থ এবং তিনি পালিয়ে যাবেন না। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে হলেও তার জামিন দেওয়া হোক।
অন্যদিকে প্রসিকিউটর জেয়াদ আল মালুম এর বিরোধিতা করে বলেন, জামায়াতের প্রভাবশালী নেতা মীর কাসেম বাইরে থাকলে তদন্তে বিঘ্ন ঘটনোর চেষ্টা করতে পারেন। তিনি জামিন পেয়ে গেলে সাক্ষীরা গুম হয়ে যাবেন।
গত রোববার দুপুরে প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল মীর কাসেমের বিরুদ্ধে পরোয়ানা জারির দেড় ঘণ্টার মাথায় তাকে মতিঝিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।