বিএনপি ক্ষমতায় গেলে ২ টি পদ্মা সেতু করবে_খালেদা জিয়া

,

পদ্মা সেতু পদ্মাসেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী ও তার পরিবারকে দায়ী করেছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘সরকার জনগণের কাছে ওয়াদা করেছিল, পদ্মাসেতু করবে। কিন্তু পদ্মাসেতুর কাজ শুরু হওয়ার আগেই ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক কমিশন খাওয়া হয়েছে। এসব দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জড়িত। সুতরাং পদ্মাসেতু না হওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার পরিবার এবং সরকার দায়ী।’
খালেদা জিয়া বলেন, ‘সরকার যতই বলুক, এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না।’
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দু’টি পদ্মা সেতু বানানোর ঘোষণা দিয়ে খালেদা বলেন, ‘মাওয়া এবং দৌলতদিয়া দিয়ে দু’টি পদ্মাসেতু আমরা করব। আমাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। কারণ বিদেশি সংস্থাগুলো জানে, আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করি। আমাদের আমলে আমরা বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে অনেক সেতু করেছি।’
শনিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও এলাকায় স্বাধীনতা পার্কের ভেতর সাম্প্রতিক পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘কানাডা থেকে মানুষ এসেছে পদ্মাসেতুতে দুর্নীতির বিষয়টি তদন্ত করতে। কানাডা বলছে, দুর্নীতি হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, দুর্নীতি হয়েছে। অথচ সরকার বলছে দুর্নীতি হয়নি।’
তিনি বলেন,’ওয়ার্ল্ড ব্যাংক সরকারকে বলেছে, যেসব মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সরান। কিন্তু প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু মন্ত্রণালয় পরিবর্তন করেছেন। এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে তারা আর টাকা দেবে না।’
খালেদা জিয়া স্বাধীনতা পার্কে তিন হাজার দুঃস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। এর আগে তিনি নগরীর লালখানবাজার এলাকায় সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পক্ষ থেকে পাঁচশ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও চাল বিতরণ করেন। ০০ সৌজন্যে বাংলা নিউজ



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে