রাজনকে কোপানোর মামলায় যুবদল-ছাত্রদলের ১০ জনের নামে চার্জশীট ,এমপি বাদ
২০ আষাঢ় ১৪১৯, Wednesday, July 4, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নিউজ।। বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা সেক্রেটারী নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করার মামলায় যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল চীফ জুডিশিয়াল আদালতে গতকাল ওই চার্জশীট দাখিল করেন। চার্জশীটে মামলার মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি এবং যুবদল কর্মী পলুকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে , ২০১১ সালের ৯ মে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির ভোলার জনসভা শেষে কেন্দ্রীয় নেতাদের সাথে রাজন বরিশালে ফিরছিলেন। তারা বরিশাল চরকাউয়া ফেরীঘাটে পৌছাঁনোর পর দলীয় নেতাদের স্বাগত জানানোর সময় রাজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় রাজনের ভাই শাহজাহান খান বাদী হয়ে এমপি মজিবর রহমান সরোয়ার সহ ১২ জনকে আসামী করে মামলা করেন।
চার্জশীটে অভিযুক্তরা হলেন, যুবদল নেতা কামরুল হাসান রতন, মাহফুজুর রহমান মাহফুজ, মো. আলাউদ্দিন,মাহবুবুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মুন্না ও মাহফুজুর রহমান মিঠু, মহানগরের যুগ্ম আহবায়ক মসিউর রহমান মঞ্জু, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু, রনি ও মো. জাহিদ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।