ভোলায় স্কুল ছাত্রীর উপর দুবৃর্ত্তদের এসিড
২১ আষাঢ় ১৪১৯, Thursday, July 5, 2012 || স্টাফ রিপোর্টার ||ভোলা নিউজ।। রাতে পড়ার টেবিলে বসা শিক্ষার্থীর শরীর এসিডে ঝলসে দিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিচাঁদপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
এসিড আক্রান্ত স্কুল ছাত্রীর নাম বিথিকা রানী দাস (১৩)। সে ওই এলাকার বাবুল চন্দ্রের মেয়ে ও স্থানীয় ফজিলাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
আশংকাজনক অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
ছাত্রীর পিতা বাবুল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ‘মেয়েকে পড়ার টেবিলে বসিয়ে ওর মা পাশের বাসায় গেলে কে বা কারা অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে।’
এ ব্যাপারে তজুমদ্দিন হাসপাতালের চিকিৎসক ডা. নঈম ইকবাল অ্যাসিড নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেন,’ভিকটিমের অবস্থা আশংকাজনক। এসিডে তার মুখের বাম পাশ, চোখ, গলা ও শরীরের একাধিক অংশ ঝলছে গেছে। আপাতত প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন।’
তজুমদ্দিন থানার এসআই মনিরুল ইসলাম জানান, ‘এসিড আক্রান্ত ছাত্রীকে রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।