ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা; জবানবন্দীতে হত্যা!
২২ আষাঢ় ১৪১৯, Friday, July 6, 2012 || পটুয়াখালী নিউজ ||পটুয়াখালী নিউজ।। ঘাতকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ময়নাতদন্ত রিপোর্টে বৈসাদৃশ্য দেখা দেওয়ায় পুনঃময়নাতদন্তের জন্য স্কুলছাত্র মিজানুর রহমানের লাশ প্রায় ৫ মাস পর কবর থেকে তোলা হলো।
শুক্রবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর গ্রাম থেকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারেফুল আলমের উপস্থিতিতে এ লাশ উত্তোলন হয়।
পুলিশ জানায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ এনে বাবা ইদ্রিস প্যাদা ৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করতে না পারলেও হেলাল নামে এক যুবককে আটক করে। পরে সে আদালতে মিজানুর রহমানকে হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে মিজানুর রহমানকে হত্যা করা হয়নি, সে আত্মহত্যা করেছে উল্লেখ থাকায় হেলালের জবানবন্দি নিয়ে বিপাকে পড়ে আদালত ও পুলিশ।
এ অবস্থায় আদালত মিজানুরের লাশ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।