বাংলাদেশের ডেভসটিম
২৩ আষাঢ় ১৪১৯, Saturday, July 7, 2012 || স্টাফ রিপোর্টার ||
ফ্রিল্যান্সার আয়োজিত ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ প্রতিযোগিতায় বিশ্বসেরা সার্চ ইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে বাংলাদেশের ডেভসটিম।
ডেভসটিম ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে তুলল ডেভসটিমের সদস্যরা।
আলাপচারিতার প্রথমেই ডেভসটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আমিন কবির বলেন,বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সারা। এই প্রেরণা থেকেই আমরা উৎসাহ পেয়েছি কাজ করার। যার ফলে বিশ্বের শীর্ষ কনটেন্ট রাইটার ও এসইও অপটিমাইজার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের ডেভসটিম।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে ডেভসটিমের প্রধান বিপণন কর্মকর্তা তাহের চৌধুরী সুমন বলেন, যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান বা করছেন তাদের সুবিধার জন্যে একটি ব্লগসাইট তৈরির কথা ভাবতে থাকি। এজন্য জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের অনুসারে ফ্রিল্যান্সার কেয়ার ডট কম নামে একটি ডোমেইন কিনে রাখি আমরা।
তিনি আরো জানান, সময়ের অভাবে ডোমেইনটাকে ব্যবহার করা হয়নি। এবছরের ৪ মে আমি এবং আল-আমিন কবির, মাসুদুর রশিদ, ইউনুস হোসেন ও নাসির উদ্দিন শামিম মিলে ডেভসটিম নামে ‘ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি এবং ইন্টারনেট মার্কেটিং সেবাদাতা’ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। সবাই মিলে আমরা প্রথমদিন থেকে বিভিন্ন বিষয়ে কাজ করতে থাকি।
গতমাসে ফ্রিল্যান্সার ডটকম ‘কনটেন্ট ডেভেলপমেন্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ শীর্ষক একটি প্রতিযোগিতা আয়োজন করে। ফ্রিল্যান্সার ডটকমের দেওয়া নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট লিখে সেটি সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা ছিলো প্রতিযোগিতার মূল বিষয়। যেখানে বিজয়ীদের জন্য ১৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়াও ফ্রিল্যান্সার কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া কিছু বিষয়ে কনটেন্ট ডেভেলপ করা এবং উক্ত কিওয়ার্ডে গুগল সার্চের শীর্ষে নিয়ে আসার একটি প্রতিযোগিতা ছিলো এটি।
এসব বিষয়ের মধ্যে ছিলো- কিভাবে ফ্রিল্যান্সারদের ব্যবহার করে একটি ব্যবসা শুরু করা যায়, কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে অন্যান্য পেশার থেকে তুলনামূলকভাবে বেশি আয় করা যায়, কিভাবে অনলাইন মার্কেটপ্লেসে নিজের প্রথম কাজটি পাওয়া যায়, কিভাবে সফলভাবে আউটসোর্স করানো যায়, আউটসোর্সিং করানোর ক্ষেত্রে কোন কোন বিষয়টি মাথায় রাখতে হবে।
বিষয়টি আমাদের সকলের নজরে আসে। তাই আমাদের কেনা সেই ডোমেইনটির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। সবাই মিলে শুরু হয় স্বপ্ন বাস্তবায়নের কাজ। সবাই ভাবতে থাকি যদি এখানে জয়ী হয়ে যায় তবে বাংলাদেশের জন্য এটি হবে নতুন প্রাপ্তি।
টানা এক মাস চলে এ প্রতিযোগিতা। অষ্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট মার্কেটার এবং কনটেন্ট ডেভেলপার দল অংশ নেয় এ প্রতিযোগিতায়। প্রায় দেড় হাজার প্রকল্প জমা পড়ে।
সবগুলো প্রকল্প পর্যালোচনা করে বিশ্লেষণের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। বিশ্বের বাঘা বাঘা সার্চ ইঞ্জিন অপটিমাইজারদের পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় আমাদের ফ্রিল্যান্সার কেয়ার ডটকম।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে পাকিস্তানের দল এনলাইটেন টেকনো পাচ্ছে ৩ হাজার ডলার। তৃতীয় স্থান অধিকারী অস্ট্রেলিয়ার দল অ্যাটোমিক অ্যাপস পাচ্ছে ২ হাজার ডলার। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে আরো ১০টি দলকে ১০০ ডলার করে দেওয়া হচ্ছে।
০০ বাংলা নিউজের সৌজন্যে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।