চলতি অর্থবছরেই পদ্মাসেতু_প্রধানমন্ত্রী
২৪ আষাঢ় ১৪১৯, Sunday, July 8, 2012 || স্টাফ রিপোর্টার ||সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদকে জানিয়েছেন চলতি অর্থবছরেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু হবে ।
তিনি জানান, পদ্মা সেতুতে খরচ হবে ২২ হাজার ৫৫৪ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে লাগবে ৩ হাজার ১৯৮ কোটি। এর পর ২০১৩-১৪ তে ৭ হাজার ৮৬৮ কোটি, ১৪-১৫ তে ৭ হাজার ৭৮৬ আর ১৫-১৬ তে ৩ হাজার ৭৮৫ কোটি টাকা ।
চলতি অর্থবছরের বাজেটে ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকেই দেশের এই সেতুর কাজ এ অর্থবছর থেকে শুরু হবে বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করতে গেলে অনেক উন্নয়ন বাজেট কমাতে হবে। তবে এটাও একটা উন্নয়ন। এ ব্যাপারে কিছুটা কৃচ্ছতা সাধন করতে হবে।
সংসদ নেতা বলেন, বাংলাদেশের যে রেটিং রয়েছে তাতে বাজারে বন্ড ছাড়া যেতে পারে। তিনি বলেন,’৭৫০ মিলিয়ন ডলারের সভরেন বন্ড বিশ্ব বাজারে ছাড়া হবে। এখান থেকে অনেক টাকা আসবে। এছাড়া অভ্যন্তরীণভাবেও বন্ড ছাড়তে পারি। যমুনা ব্রিজে যেভাবে ছাড়া হয়েছিলো।’
০০ বাংলা নিউজের সৌজন্যে ০০ সম্পাদনা বরিশাল নিউজ।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।