যুবলীগ নেতাকর্মীদের অতন্দ্র প্রহরী হতে হবে _প্রধানমন্ত্রী
৩০ আষাঢ় ১৪১৯, Saturday, July 14, 2012 || স্টাফ রিপোর্টার ||শনিবার আওয়ামী যুবলীগের ৬ষ্ঠ জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘অনেক কষ্টে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে না পারে, নতুন করে খেলায় মাততে না পারে, সেজন্য প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামগঞ্জে যুবলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। যুবলীগের কর্মীদের মধ্য থেকেই যেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়, আমি সেই আশা করি।’
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী যুব সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘অশান্তির আগুনে দেশকে পুড়িয়ে ছারখার করার ষড়যন্ত্র চলছে। যুব সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
শেখ হাসিনা যুবলীগের নেতাকর্মীদের সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো আদর্শ বাস্তবায়ন করতে হলে সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠন ছাড়া কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, ‘তাদের দুর্নীতির কারণে ২০০৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশে সব ধরনের ঋণ বন্ধ করে দিয়েছিল। সেই বদনাম এখনও বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে।’
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসের আমু, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুবলীগের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।