এ বছরই পদ্মা সেতু নির্মাণ _অর্থমন্ত্রী

,

পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ আবারো প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
শনিবার সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিকেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ) এর উদ্যোগে সিলেট সদর উপজেলার ৬০টি গ্রামের ১৫ হাজার ঝুকিপূর্ণ মানুষের মাঝে ১৩ কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠানে মুহিত আরো বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। এই প্রকল্পের কাজ শুরু হলে এতে বিভিন্ন উন্নয়ন সংস্থা সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
কথিত দুর্নীতির অভিযোগে সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করে বিশ্বব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তারা ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে একটি চুক্তিও করেছিল।
সরকার বরাবরই দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এই ঋণ চুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেন।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর বিভিন্ন ব্যক্তি ছাড়াও ব্যবসায়িক সংগঠন, বেসরকারি ব্যাংক ও বীমা কোম্পানি ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পে অর্থ দেওয়ার আগ্রহ দেখিয়েছে।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তা সরকারকে অনেক শক্তি যোগাবে বলেও তিনি মনে করেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, জেলা প্রশাসক খান মো. বিলাল, জেলা পরিষদ প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, এসডিএফ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম প্রমুখ।
০০ সৌজন্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে