পিরোজপুর কলেজে নির্বাচন স্থগিত
৩০ আষাঢ় ১৪১৯, Saturday, July 14, 2012 || স্টাফ রিপোর্টার ||অধ্যক্ষসহ দুই শিক্ষকের বাড়ির সামনে হাতবোমার বিস্ফোরণ্এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে পর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করেছেন কলেজ কর্তৃপক্ষ।
রোববার এই নির্বাচন হওয়ার কথা ছিল, যাতে ছাত্রলীগ ও ছাত্রদলের দুটি করে মোট চারটি প্যানেলের লড়াইয়ে নামে।
নির্বাচনের আগে শুক্রবার রাতে অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইংরেজি বিভাগের অধ্যাপক সদানন্দ গাইনের বাড়ির সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এছাড়া শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা হয়। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি অনুকূলে নয় বলে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানান।
জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ আহম্মেদ রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ ক্যাম্পাসের সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে।
শনিবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকরা শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছিল।
এর মধ্যেই ছাত্রদলের দুই প্যানেলের সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায় বলে শিক্ষার্থীরা জানায়।
এদিকে ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে মিছিল করে ছাত্রলীগের খায়রুল ইসলাম মিঠু-এস এম বায়েজিদ নেতৃত্বাধীন প্যানেলের সমর্থকরা।
সেই মিছিল থেকে শহরের ছাত্রলীগের অন্য প্যানেলের ভিপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।