বরিশালে ব্যক্তিমালিকানায় চালু হচ্ছে আধুনিক যাত্রীবাহী জাহাজ
১ শ্রাবণ ১৪১৯, Monday, July 16, 2012 || বরিশাল নিউজ ||
নৌ নির্ভর বরিশাল অঞ্চলের যাত্রীদের জন্য বরিশালে ব্যক্তিমালিকানায় শীঘ্রই চালু হতে যাচ্ছে ৪টি আধুনিক যাত্রীবাহী জাহাজ। কীর্তনখোলা -২, সুন্দরবন ৯ ও ১০ এবং সুরভী নামে জাহাজগুলোর নির্মান কাজ শেষের পথে। এরমধ্যে কীর্তনখোলা -২ ঈদের আগে সার্ভিসে নামতে পারে এমন ধারনা দিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ। এ জাহাজগুলো সার্ভিসে নামলে সরকারী যাত্রীবাহী জাহাজ বিআইডব্লিইটিসি’র লক্করঝক্কর মার্কা জাহাজের দুর্ভোগের হাত রেহাই পাবে দক্ষিনের যাত্রীরা। লঞ্চ মালিকদের সিন্ডিকেটের হাত থেকেও বাচাঁ যাবে এমন কথা বললেন নৌপথে চলাচলকারী এ অঞ্চলের বাসিন্দারা। যদিও লঞ্চ এবং জাহাজের মালিকরা একই ব্যক্তি, একই কোম্পানী।
এ জাহাজগুলো নির্মান হচ্ছে বরিশালেরই কীর্তনখোলা নদী সংলগ্ন ডকইয়ার্ডে। কীর্তনখোলা -২ এর মালিক মঞ্জুর হোসেন ফেরদৌস জানালেন, ৩০৫ ফুট লম্বা তার জাহাজে যাত্রীধারন ক্ষমতা প্রায় ১০ হাজার । জাহাজটিতে শিশুদের জন্য খেলার জন্য আলাদা জায়গা থাকবে। থাকবে স্যাটেলাইট টিভি দেখার ব্যবস্থা। আর্থিক লেনদেনের জন্য থাকবে এটিএম বুথ। নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরাও স্থাপন করা হবে। এ জাহাজে ডাবল, সিঙ্গেল, স্টাফ কেবিন,ভিআইপি স্যুট ছাড়াও থাকবে ৬টি বিজনেস ক্লাস সুবিধা। যাত্রী পরিবহনের পাশাপাশি ২শ’ টন মালামাল পরিবহন করা হবে বলেন তিনি।
সুন্দরবন নেভিগেশন কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুও ২টি যাত্রীবাহী জাহাজ নির্মান করছেন। তিনি জানান, ৩শ’ ফুট লম্বা তার জাহাজটি হবে এ অঞ্চলের সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ। তিনি বলেন যাত্রীবাহী জাহাজ সার্ভিসে নামলে যাত্রীদের কেবিন সংকট দূর হবে। তিনি এ সার্ভিসের সফলতার জন্য নৌরুটে নাব্যতা বজায় রাখার দাবি জানান।
সুরভীর মালিক রিয়াজুল ইসলাম জানালেন তাদের জাহাজ নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বছর ঢাকা-বরিশাল রুটে তাদের জাহাজ যুক্ত হবার কথা বললেন তিনি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।