লিচুবাগানে চিরশয্যায় হুমায়ুন
৯ শ্রাবণ ১৪১৯, Tuesday, July 24, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||
গাজীপুরের নুহাশপল্লীর লিচুবাগানের শীতল ছায়ায় মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
আজ মঙ্গলবার বাদ জোহর নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেলা দুইটায় বিপুলসংখ্যক মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে হুমায়ূন আহমেদকে খুব যতনে শুয়ে দেওয়া হয় নুহাশপল্লীর মাটির ঘরে। বাঁশ ও চাটাই দিয়ে ঢেকে দেওয়া হয় কবরের ওপরের অংশ। হুমায়ূন আহমেদের তিন ছেলে নুহাশ, নিষাদ ও নিনিত বাবার কবরে দিয়েছেন মুঠো মুঠো মাটি। কবরের ওপর মুঠো ভরে মাটি ছড়িয়ে দিয়েছেন অন্য স্বজন-শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। ধীরে ধীরে কবর ঢেকে যায় মাটিতে। মোনাজাত শেষে কবরের ওপর ফুল দিয়ে হুমায়ূন আহমেদের প্রতি জানানো হয় পরম ভালোবাসা।
অচিন দেশে, অচিন কোনো গাঁয়ে চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায়ে যাওয়ার আকুতি জানিয়েছিলেন হুমায়ূন আহমেদ। তাঁর সে আকুতি কবুল হয়েছে। চিরদিনের জন্য তিনি চলে গেলেন চন্দ্রকারিগরের কাছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।