বরিশালে শিক্ষার্থী আহত; বাসে আগুন-ভাংচুর

,

বরিশালের সদর উপজেলার চরকাউয়া-গামা রুটে বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষের জের ধরে ২টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে,মঙ্গলবার সকালে ওই দুঘর্টনায় আতাহারউদ্দিন হাওলাদার কলেজের ৪ শিক্ষার্থী আহত হলে বিক্ষুব্ধরা বাসে হামলা চালায়। এসময় বাস চালক মান্নানকে মারধর এবং কয়েকটি বাস ভাংচুর করে।
আহতরা হলেন- কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাহনাজ আক্তার, পিপাসা, সীমা ও প্রথম বর্ষের ছাত্র রায়হান। এর মধ্যে শাহনাজকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গোমা বাস স্ট্যান্ড থেকে জহিরুল এন্টারপ্রাইজের একটি বাস চরকাউয়া ফেরিঘাট যাচ্ছিল। পথে বোর্ড স্কুল সংলগ্ন গাইন বাড়ির সামনে এটি একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা চার কলেজ শিক্ষার্থী আহত হন।
বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী গোমা বাসস্ট্যান্ডে থাকা আল-আকসা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। নসিমনকে ধাক্কা দিয়ে চলে যাওয়া বাসটিও বাকেরগঞ্জের চরামদ্দি এলাকায় আটকে এতেও আগুন দেওয়া হয়। পরে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়।
ওসি আরও বলেন, পরিস্থিতি শান্ত হলেও চরকাউয়া থেকে লাহারহাট ফেরিঘাট, গোমা, চন্দ্রমোহন, কাটাদিয়া, হলতা ও নেহালগঞ্জ রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে