মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের অবস্থান সনাক্ত, উদ্ধার কাজ শুরু

,

মেঘনায় বুধবার রাতে ডুবে যাওয়া তেলের ট্যাংকার মেহেরজান’র উদ্ধার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে উদ্ধারকারী জাহাজ হামজা সেখানে পৌছাঁনোর পরই উদ্ধার অভিযান শুরু হয়। তবে অন্য জাহাজ রুস্তম পৌছাঁয় আরও পরে।
বরিশাল আধুনিক নৌ-বন্দর কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, ভোলা ও বরিশালের মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী কালিগঞ্জের চর সুলতানী এলাকার কাছাকাছি পানির নিচে ট্যাঙ্কারটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার কাজে পুলিশের ১৫ সদস্য, কোস্টগার্ডের ৭ এবং নৌবাহিনীর ৮ সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন বলে জানান মেহেন্দীগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন।
ডুবে যাওয়া জাহাজটি কখন জাহাজটি উদ্ধার হবে তা নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের লেফটেন্যান্ট দিপঙ্কর রায়।
হামজার কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘তেল ছাড়াই জাহাজটির ওজন আড়াইশ থেকে তিনশ টন । আর হামজার উদ্ধারক্ষমতা মাত্র ৬০ টন।’
উল্লেখ্য, তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এমটি মেহেরজান এবং পণ্য আনার উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী ফজলুল হক-৩ এর মধ্যে বুধবার রাতে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৭ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে এমটি মেহেরজান ডুবে যায়। এসময় নিখোঁজ হয় ওই জাহাজের স্টাফ নিজামউদ্দিন।এখনও তার সন্ধান পাওয়া যায়নি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে