বরিশালে বাস ধর্মঘট অব্যাহত, জেলা প্রশাসকের সাথে সভা চলছে
১৪ শ্রাবণ ১৪১৯, Sunday, July 29, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালের ১১ রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দুই এক দিনের মধ্যে এই সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা না নিলে আন্তঃজেলাসহ দূরপাল্লার রুটেও পরিবহন ধর্মঘট ডাকা হবে এমন ইঙ্গিত দেন ধর্মঘট আহবানকারীরা।
বরিশাল জেলা বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তাদের ১১ রুটে ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাহিন্দ্রা আলফা, ম্যাজিক, ম্যাক্সি, নছিমন, করিমন ও টমটমসহ ব্যাটারি চালিত বিভিন্ন যানবহন চলাচল বন্ধের দাবিতে শনিবার থেকে অনির্দিস্টকালের জন্য এ ধর্মঘট পালন করছে।
ধর্মঘটের আওতাধীন রুটগুলো হলো- বরিশাল-মাদারীপুর, বরিশাল-ভুরঘাটা, বরিশাল-পয়সারহাট, বরিশাল-ধামুরা, বরিশাল-সরিকল, বরিশাল-মীরগঞ্জ, বরিশাল-মুলাদী, বরিশাল-হিজলা, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-স্বরূপকাঠী ও নতুনবাজার-বাবুগঞ্জ কলেজ গেট।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, রোববার বিকেল সাড় ৩টার দিকে জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেছেন তারা। তাদের দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে জানান তিনি।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।