স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে

,

বরিশালে র‌্যাবের নির্যাতনের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ওএমএস ডিলার শাহবুদ্দিন খান সাবুর (৫০) মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।র‌্যাবের কথা ইয়াবা ব্যবসার সাথে জড়িত সাবুর বাসা তল্লাশী করতে গেলে ভয়ে পালানোর সময় তার মৃত্যু ঘটে।
রোববার সন্ধ্যায় নগরীর ১০নং ওয়ার্ড কোস্টাল বরফকল এলাকায় এ ঘটনা ঘটে। সাবু মহানগর স্বেচ্ছাসেবক লীগেরও সদস্য ।
সাবুর স্ত্রী রাশিদা বেগম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তার স্বামী। চারদিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল।সাবুর মৃত্যুর জন্য র‌্যাবকে দায়ী করে তার স্ত্রী রাশিদা বেগম জানান, র‌্যাব সন্ধ্যায় এসে তার স্বামী সাবুকে খোঁজাখুঁজি করে। বাসায় ইয়াবা ট্যাবলেট আছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের বাসায় তল্লাশি চালায় র‌্যাব। তবে তল্লাশি করে তারা কিছুই পায়নি। পরে পাশের ভবনে তিনি অবস্থান করছেন এমন খবরে র‌্যা ভবনটি ঘেরাও করে তাকে আটক করে। তিনি হৃদরোগে আক্রান্ত এবং তার চিকিৎসকের ব্যবস্থাপনাপত্র র‌্যাবকে দেখানো হলেও তারা সাবুর বুকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। সাবুর স্ত্রীর অভিযোগ, র‌্যাব সদস্যরা তার বাসা থেকে নগদ আড়াই লাখ টাকা এবং মেয়ের বিয়ের জন্য রাখা স্বর্ণালংকারও লুট করে নিয়ে গেছে।এ ব্যাপারে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর রাশেদুল হক খান জানান, ২৬০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম মনু নামে একজনকে আটক করে র‌্যাব। রফিকুল র‌্যাবকে জানান, সাবুর কাছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে।তার দেওয়া তথ্য অনুযায়ী কয়েকজন সাক্ষী নিয়ে সাবুর বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। কিন্তু সাবু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করেন। এসময় অপর একটি বিশ্বস্ত মাধ্যমে র‌্যাব জানতে পারে পাশের ভবনে সাবু লুকিয়ে আছেন। এই খবরের ভিত্তিতে ওই ভবনে তাল্লাশি চালানোর সময় সাবুকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
সাবুর বোন আলমতাজ বেগম জনান প্রায় ১ ঘন্টা পর ভবনের ভেতরে গিয়ে তিনি দেখতে পান তার বড় ভাই সাবু মেঝেতে পড়ে আছেন। তার মুখ থেকে ফ্যানা বের হচ্ছে। তাৎক্ষণিক তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা তাদের জানান, তিনি (সাবু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে