ভেজালবিরোধী অভিযানে সংঘর্ষ

,

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভ্রাম্যমান আদালত সোমবার দুপুরে ভেজালবিরোধী অভিযান চালানোর সময় নগরীর নতুনবাজারের ব্যবসায়ীদের তোপের মুখে পরে। ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলকে একটি দোকানে আটকে রাখে এবং অন্যদের উপর হামলা চালায়। পরে পুলিশ এসে অবরুদ্ধ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে। ম্যাজিস্ট্রেটের সাথে থাকা পুলিশ ও আনসারের আচরনে ক্ষুব্ধ হয়ে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
সূত্র জানায়, বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নতুন বাজারের কয়েকটি দোকানে অভিযান শেষে মাছ বিক্রেতা অসীম ও লিটুর দোকানের মাছে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে চান ।এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে পাশের দোকানের বাটখারা পরীক্ষা করতে চাইলে তাতেও দোকানদার সোহাগ বাধা দেয়। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা আনসার ও সোহাগের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এক আনসার সদস্যের লাঠির আঘাতে সোহাগের মাথা ফেটে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের অন্য সদস্যদের ওপর হামলা করে। আদালতের সঙ্গে থাকা পুলিশ ও আনসার সদস্যরা পাল্টা হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ী ও স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের ৫ সদস্য আহত হয়।
দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সদর রোডে যাতায়াতকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে।
নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শিব শংকর জানান, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী নাইমুল হোসেন লিটু জানান, এ বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে। বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন বলেন, মাছে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে চাইলে ব্যবসায়ীরা বাধা দেয়। এ সময় সঙ্গে থাকা তিন পুলিশ সদস্য সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করলে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে