মালয়েশিয়ার অর্থায়নে পদ্মাসেতু, অক্টোবর উদ্বোধন

,

আগামী অক্টোবর মাসে পদ্মাসেতু প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। মালয়েশিয়ার অর্থায়নে শেষ পর্যন্ত এ প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দিতে ঢাকা আসবেন মালয়েশীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ নাজিব আবদুল রাজাক।
এর আগে সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। আর পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে আলোচনা চূড়ান্ত করতে আগামী ৪ আগস্ট ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আগস্টের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করে পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সম্ভাব্য অর্থায়নের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে। ওই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতুক সেরি এস সামি ভেলু।
পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন ও অংশগ্রহণের ব্যাপারে মালয়েশিয়া আগে থেকেই ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে।
উল্লেখ্য, পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে গত এপ্রিলে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় পাবলিক প্রাইভেট পার্টনারশি বা পিপিপির অধীনে পদ্মাসেতু নির্মাণ নিয়ে চুক্তি স্বাক্ষরের পথে এখন দুই দেশ।
এর আগে সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বিষয়টি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সেরি নাজিব আবদুল রাজাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় মালয়েশীয় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন পদ্মা সেতু বাস্তবায়ন হলে বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
সূত্র জানায়, সেতু নির্মাণ প্রকল্প সংক্রান্ত মালয়েশীয় প্রস্তাব এর আগে দুই দফা সংশোধন করা হয়েছে। তবে চূড়ান্তভাবে সংশোধিত প্রস্তাবে উভয় পক্ষেরই সমান লাভবান হওয়ার সুযোগ রাখা হয়েছে।
তবে প্রকল্পের সম্ভাব্য নির্মাণ ব্যয় গত ২০১০ এ প্রাক্কলিত ২৯০ কোটি ডলার থেকে বেড়ে বর্তমানে ৩৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এ নির্মাণ ব্যয়ের মধ্যে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার সম্ভাব্য অবমুল্যায়ন এবং নির্মাণ সামগ্রীর সম্ভাব্য মূল্যবৃদ্ধি অর্ন্তভূক্ত রয়েছে।
সূত্র বাংলানিউজ ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে