মেঘনায় নিমজ্জিত তেলবাহী ট্যাংকার উদ্ধার কাজ স্থগিত
২০ শ্রাবণ ১৪১৯, Saturday, August 4, 2012 || স্টাফ রিপোর্টার ||মেঘনায় ডুবে যাওয়া তেলবোঝাই ট্যাংকার এমটি মেহেরজান উদ্ধার অভিযান স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ কথা জানায় ।
অভিযানের মুখপাত্র বিআইডব্লিউটিএ’র উপ-সচিব (প্রশাসন) এ কে এম আরিফউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীতে তীব্র স্রোত, উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া ও মাছ ধরার জালের পুরু আবরণ, হামজা-রুস্তম ও সহযোগী জাহাজগুলোর অবস্থান ক্রমেই বিপদজনক হয়ে যাওয়া এবং আসন্ন ঈদ-উল-ফিতরে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা মোকাবেলার লক্ষ্যে রুস্তম ও হামজাকে স্ব-স্ব বেইজে ফিরিয়ে নেওয়ার স্বার্থে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ট্যাংকারটি উদ্ধারের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বিআইডব্লিউটিএ ও নৌ-বাহিনীর ৭২ ঘণ্টার বিশেষ যৌথ অভিযান ‘অপারেশন মেহের’ শেষ হওয়ার আগেই শুক্রবার রাতে বিএনএস সৈকতে অনুষ্ঠিত এক যৌথ সভা হয়।
এ সভায় উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত করে পরিস্থিতি অনুকূল হলে আবার উদ্ধারের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়।এরপর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার শনিবার দুপুর ২টা থেকে উদ্ধার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত দেন।
উদ্ধারকারী হামজা ও রুস্তম এবং পরে টাগ জাহাজ অগ্রপথিক, অগ্রগতি ও অগ্রগামী, সার্ভে জাহাজ সন্ধানীসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও কর্মচারী এবং নৌবাহিনীর ডুবুরিদল অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিকূল আবহাওয়ায় রুস্তম-হামজার সাহায্যে টেনে জাহাজটিকে কূলের দিকে এনে কিছুটা ভাসিয়ে সাকশান পাইপ দিয়ে অন্য ট্যাংকারে তেল ট্রান্সফার করে ওজন হালকা করাও সম্ভব হচ্ছে না। তাই ট্যাংকারটি উদ্ধারের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিআইডব্লিউটিএ’র উপ-সচিব আরিফ উদ্দিন জানান, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা নদীর ৮০/৮৫ ফুট গভীরে গিয়ে নির্দেশক বসালেও প্রবল ঢেউয়ের কারণে তা বার বার সরে যায়।
২৫ জুলাই
চট্টগ্রাম থেকে যমুনা অয়েল কোম্পানির প্রায় সাত লাখ লিটার তেল নিয়ে বরিশাল যাওয়ার পথে রাত ৯টার দিকে ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনার চর সুলতানী এলাকায় একটি কার্গোবাহী জাহাজের ধাক্কায় এমটি মেহেরজান ডুবে যায়। ট্যাংকারের শ্রমিক নিজাম উদ্দিন একনো নিখোঁজ রয়েছেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।