১০ সেকেন্ডে পালস, রাজি নয় অপারেটররা
৩০ শ্রাবণ ১৪১৯, Tuesday, August 14, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||বুধবার থেকে মোবাইল ফোনের সব প্যাকেজে ১০ সেকেন্ডের পালস চালু করার নির্দেশ দিয়েছিল বিটিআরসি। কিন্তু বেসরকারি ৫ মোবাইল ফোন অপারেটর জানিয়েছে এখনই নির্দেশনা বাস্তবায়ন সম্ভব নয়।এ বিষয়ে তাদের আপত্তি লিখিতভাবে বিটিআরসিক জানিয়েছে তারা।
১০ সেকেন্ডের পালস সুবিধা চালু, আইনগত ব্যাখ্যা এবং অন্যান্য বিষয় অবহিত করে আজ মঙ্গলবার আবারো অপারেটরদের চিঠি দেবে বিটিআরসি। চিঠিতে বলা হচ্ছে, ১৪ আগস্ট রাত ১২টার পর থেকে সব প্যাকেজে ১০ সেকেন্ডের পালস চালু বাধ্যতামূলক। তা করা না হলে আইনের বরখেলাপ হবে এবং এর জন্য শাস্তি পেতে হবে। গতকাল সোমবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ নিয়ে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ঐ বৈঠকে বিটিআরসি’র এই সিদ্ধান্তের সঙ্গে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুসহ অন্যরা একমত পোষণ করেন। এর আগে গত বছরের শেষ দিকেও একবার ১০ সেকেন্ডের পালস চালু করার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত অপারেটরা তা মেনে নেয়নি। তবে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, এখন পরিস্থিতি বদলে গেছে। গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে তারা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। তিনি বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে মাত্র কয়েক সেকেন্ড কথা বলার পরেই কল কেটে যাবে আর তার জন্যে গ্রাহককে পুরো মিনিটের পয়সা দিতে হবে, রেগুলেটর হিসেবে আমরা তা মেনে নিতে পারি না।
জানা গেছে, গত ২ আগস্ট ১০ সেকেন্ড পালস চালুর নির্দেশনা দিয়ে অপারেটরদের চিঠি দেয় বিটিআরসি। পরের সপ্তাহেই বিটিআরসি’র চেয়ারম্যানের সঙ্গে অপারেটর প্রধানদের বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তারা। পরে টেলিটক বাদে অন্য পাঁচ অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে চিঠি দেয়। একই সঙ্গে তারা বিটিআরসিকে বিকল্প একটি প্যাকেজের প্রস্তাবও দেয়। তাতে বলা হয়, বিটিআরসি’র নির্দেশনা মেনে নতুন একটি প্যাকেজ তারা দেবেন। কিন্তু সব প্যাকেজে ১০ সেকেন্ডের পালস চালু করতে হলে তাদের পুরো প্যাকেজ কাঠামোই নতুন করে সাজাতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিটিআরসি’র নির্দেশনা কার্যকর হলে মাত্র কয়েক সেকেন্ড কথা বলে পূর্ণ মিনিটের বিল গোনা থেকে মোবাইল গ্রাহকরা মুক্তি পাবেন। তখন প্রতি ১০ সেকেন্ডের জন্যে বিল দিতে হবে। গ্রাহক ১৫ বা ১৮ সেকেন্ডে কথা শেষ করতে পারলে তিনি ২০ সেকেন্ডের বিল দেবেন। তার যদি ৪২ বা ৪৫ সেকেন্ড লাগে তাহলে বিল হবে ৫০ সেকেন্ডের। এভাবে গ্রাহক অন্যায্য ও অতিরিক্ত বিল প্রদানের হাত থেকে রক্ষা পাবেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।