সিরিজ বোমা হামলা দিবস আজ
২ ভাদ্র ১৪১৯, Friday, August 17, 2012 || স্টাফ রিপোর্টার ||জেএমবির (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) জেএমবির দেশব্যাপী বোমা হামলার আজ ৭ বছর। ২০০৫ সালের এ দিনে নিষিদ্ধ ঘোষিত ওই জঙ্গি সংগঠন দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায়। সেদিন বাদ গিয়েছিল শুধু মুন্সীগঞ্জ জেলা।
হামলার স্থানগুলো থেকে জেএমবির উদ্ধারকৃত লিফলেটে বলা হয়, ‘দেশে কর্মরত বিচারকদের প্রতি একটি বিশেষ বার্তা পাঠালাম। দ্রুত এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। নতুবা কঠিন পথ বেছে নিতে বাধ্য হবে জেএমবি। ইসলামী হুকুমত কায়েমের বিষয়ে দেশ-বিদেশের অনেক শক্তিশালী দেশ ও শীর্ষ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। অতএব যারা বিচারক আছেন ইসলামী আইনে বিচার করবেন। নতুবা আরও ভয়াবহ বিপদ আপনাদের জন্যে অপেক্ষা করছে।’
লিফলেটটিতে আরও বলা হয়, ‘এ সর্তকবাণীর (সিরিজ বোমা হামলা) পর আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব। তারপর আবার হামলা শুরু হবে।’
এরপর আবারও দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আদালতগুলোতে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি।
শীর্ষ জঙ্গিদের ফাঁসি
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক সোহেল আহমেদ চৌধুরী ও জগন্নাথ পাঁড়ে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন তোলে। দুই বিচারক হত্যা মামলায় ২০০৬ সালের ২১ মার্চ মামুন, সুলতান হোসেন খান, শায়খ আব্দুর রহমান, আব্দুল আউয়াল, আতাউর রহমান সানি, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, শাকিল আহমেদ ওরফে মোল্যা ওমর (মৃত) ও মেহেদীসহ ৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। ২০০৬ সালের ৩০ মে মামলায় রায়ে শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, মাসুম, খালিদ, সাইফুল্লাহকে ফাঁসির আদেশ দেন আদালত। ২০০৭ সালের ৩০ মার্চ তাদের ফাঁসি কার্যকর করা হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।