সরকারকে ‘বেহায়া’ বলছেন মওদুদ

,

বিএনপি নেতা মওদুদ আহমদ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় সরকারকে ‘বেহায়া’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে সরকারের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভায় শনিবার বিকালে এই মন্তব্য করেন তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সরকার এতোই নির্লজ্জ ও অদক্ষ যে, একবার বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এখন আবার তাদের কাছে হাত পেতে সহায়তা ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। কীরকম অর্বাচীন সরকার হলে এরকম কাজ করতে পারে।”
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমান, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দিলেও আন্তর্জাতিক এই সংস্থাটির সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।
পদ্মা সেতু প্রকল্পে ফিরিয়ে আনতে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে তাতে সফলতা আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে