আদেশ সংশোধন: লিমনদের বিরুদ্ধে আপাতত: হত্যা মামলা হচ্ছেনা

,

লিমন র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের মা-বাবা, ভাইসহ ১০ জনের নামে দায়ের করা হত্যা মামলার আদেশ সংশোধন করেছেন আদালত। এরফলে আপাতত: তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হচ্ছেনা। ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশোধিত আদেশে বলা হয়, ২০ আগস্ট লিমন ও তার পরিবারের ওপর হামলাকারী ইব্রাহীম হাওলাদারের শ্যালক ফোরকান হাওলাদারের মৃত্যুর ঘটনায় পরদিন রাজাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। ওই মামলার সঙ্গে ফোরকান হত্যার অভিযোগে ইব্রাহীমের দায়ের করা নালিশি মামলা সংযুক্ত করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
রাজাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন লিমন ও তার পরিবারের ওপর হামলা চালান ইব্রাহীম হাওলাদার। এ হামলার ঘটনায় মারা যান ইব্রাহীমের শ্যালক ফোরকান হাওলাদার। পরের দিন ইব্রাহীমের স্ত্রী ও ফোরকানের বোন লিলি বেগম ফোরকানের মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য রাজাপুর থানায় একটি আবেদন করেন। রাজাপুর থানা আবেদনটি অপমৃত্যুর মামলা হিসেবে লিপিবদ্ধ করে। অপমৃত্যুর মামলা দায়েরের বিষয়টি গোপন করে ২৩ আগস্ট ইব্রাহীম হাওলাদার বাদী হয়ে ফোরকানকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে নালিশি মামলা দায়ের করেন। এতে লিমনের মা সহ ১০ জনকে আসামি করা হয়। আদালতের বিচারক অভিযোগ গ্রহণ করে রাজাপুর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
২৬ আগস্ট আদালতের আদেশ থানায় পৌঁছায়। আদালতের আদেশ ও ফোরকানের মৃত্যুর বিষয়ে দায়ের করা অপমৃত্যু মামলা পর্যালোচনা করে রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ‘ফোরকানের অপমৃত্যুর মামলার সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং এর প্রতিবেদনও পাওয়া গেছে। ন্যায়বিচারের স্বার্থে সার্বিক বিষয় পরবর্তী আদেশের জন্য আদালতকে অবহিত করা হলো।’ আদালত ওসির আবেদন পর্যালোচনা করে ইব্রাহীমের দায়ের করা নালিশি আবেদন এজাহার হিসেবে গ্রহণের আদেশটি সংশোধন করে অপমৃত্যু মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের আদেশ দেন। আদেশে বলা হয়, ইব্রাহীম হাওলাদারের নালিশি মামলায় ফোরকান মারা যাওয়ার পর রাজাপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি গোপন রেখেছিলেন। তাই আদেশ সংশোধন করা হলো।
রাজাপুর থানার দ্বিতীয় কর্মকর্তা আ. হালিম তালুকদার বলেন, ‘আদালতের সংশোধিত আদেশ আমাদের হাতে পৌঁছেছে। নির্দেশনা অনুযায়ী অপমৃত্যুর মামলার সঙ্গে নালিশি অভিযোগ সংযুক্ত করে তদন্ত করা হবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে