পটুয়াখালীতে ৪ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
১৭ ভাদ্র ১৪১৯, Saturday, September 1, 2012 || পটুয়াখালী নিউজ ||পটুয়াখালীতে এক মাছ ব্যবসায়ী ৪ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে সদর থানায় চাদাঁবাজির মামলা করেছেন।
অভিযুক্তরা হলেন, দৈনিক যুগান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. জাফর খান, দেশ টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, বাংলাভিশন ও ইসলামিক টিভির জেলা প্রতিনিধি আবু তাহের বাপ্পা এবং সময় টিভির জেলা প্রতিনিধি মো. মনির হোসেন বাদল, মরিচবুনিয়া ইউনিয়নের মৃত আ. লতিফ মৃধার ছেলে মো. রুবেল মৃধা ও আউলিয়াপুর ইউনিয়নের মৃত ওসমান ফকিরের ছেলে আশ্রাফ আলী।
বাদী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মো. কামাল হোসেনের অভিযোগ,গত ২৮ আগস্ট বিকেল ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাটুখালী বাস স্টেশনের উত্তর পাশের কালভার্টের ওপর দাঁড়িয়ে আসামিরা ৩ লাখ টাকা চাঁদা আদায়ের জন্য দেশীয় অস্ত্র নিয়ে বাদী কামালের পথরোধ করেন।
এক পর্যায়ে যুগান্তরের জেলা প্রতিনিধি বাদীর পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করেন।
এ সময় অপর আসামিরা বাকি টাকা আগামী ৩ দিনের মধ্যে দেওয়ার আল্টিমেটাম দিয়ে তাকে এলাকাছাড়া ও প্রাণনাশের হুমকি দেন।
আসামিরা অসৎ চরিত্র, অর্থলোভী প্রকৃতির লোক। অন্যের টাকা-পয়সা চাপ সৃষ্টির মাধ্যমে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আদায় করা এবং চাঁদাবাজি করাই তাদের প্রধান কাজ অভিযোগ করেন তিনি।
অভিযুক্তরা জানান, এটি মিথ্যা ও ভিত্তিহীন একটি মামলা এবং তারা ‘ভিলেজ পলিটিক্সের’ শিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাফর আহম্মেদ জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।