বরগুনার পৌর মেয়র কারাগারে
১৮ ভাদ্র ১৪১৯, Sunday, September 2, 2012 || বরগুনা নিউজ ||আদালত প্রাঙ্গনে মিছিল-সমাবেশ ও বিচারককে হুমকি প্রদানের অভিযোগে দায়েরকৃত মামলায় বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিচারক মাহামুদুল ইসলাম। পৌরসভার ৫ কাউন্সিলরসহ মামলার অপর অভিযুক্তরা উচ্চ আদালতের জামিনে থাকায় আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত জামিন বহাল রাখা হয়েছে।
মেয়র তার বিরুদ্ধে দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ২ মাসের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হল আজ রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে যান।
আদালত সূত্রে জানাগেছে, বরগুনা জেলা জজ আদালতের সামনের পুকুর ইজারাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় আদালতের নৈশ প্রহরী বাদী হয়ে সদর থানায় একটি চাঁদা দাবী মামলা করেন। ঐ মামলায় তদন্ত রিপোর্ট পাওয়ার পরে গত ২০ জুন তৎকালীন মুখ্য বিচারিক হাকিম মইনুল হক মেয়রকে সমন জারী করেন। এসময় মেয়র মূখ্য বিচারিক হাকিমের সাথে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন। ২১ জুন দুপুরের দিকে আদালত চলাকালে পৌর মেয়র শাহাদাত হোসেনের নেতৃত্বে মূখ্য বিচারিক হাকিমের অপসরন দাবীতে মিছিল করা হয়। মিছিল শেষে জেলা জজ আদালতের সামনে মাইক টানিয়ে সমাবেশ করা হয়।
আদালত প্রাঙ্গনে মিছিল সমাবেশ ও বিচারককে হুমকি প্রদানের অভিযোগে মূখ্য বিচারিক আদালতের ভারপ্রাপ্ত নাজির আক্তার হোসেন বরগুনা পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেনসহ ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ঐদিন সন্ধ্যায় বরগুনা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
এছাড়াও জজ কোর্টের নৈশ প্রহরীর দায়ের করা চাঁদা দাবী মামলায় সমন জারীর পরে আদালতে হাজির না হওয়ায় মেয়রের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।