বরিশাল বিভাগে জামায়াত-শিবিরের ৩৭ নেতাকর্মী আটক
৬ আশ্বিন ১৪১৯, Friday, September 21, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||বরিশালের ৪ জেলা থেকে পুলিশ বৃহস্পতি ও শুক্রবার ৩৭ জামায়াত-শিবিরের নেতা কর্মীকে আটক করেছে । এর মধ্যে বরিশাল জেলা থেকে ১২ জন, ঝালকাঠী থেকে ৬ জন, পটুয়াখালী থেকে ১১জন এবং বরগুনা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। ঢাকায় ইসলামী ও সমমনা দলগুলোর সমাবেশকে কেন্দ্র নাশকতার আশংকায় পুলিশ এ গ্রেফতার অভিযান চালিয়েছে বলে স্বীকার করেছে।
বরিশাল নগরীর কলেজ এভিনিউ এবং বালুর মাঠ এলাকার ম্যাচ থেকে বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। কলেজ এভিনিউ থেকে গ্রেফতারকৃতরা হলো রুহুল আমিন, মাহফুজুর রহমান, তরিকুল ইসলাম, অলিউর রহমান। বালুর মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয় আলমগীর হোসেন ও রাজিব মৃধাকে।
তারা পুলিশের উপর হামলার মামলার আসামী বলে জানায় পুলিশ। গত ২ এপ্রিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুমতি না নিয়ে মিছিল করা এবং মিছিলে বাধা পেয়ে পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল ।
এদিকে রাত ১ টায় আগৈলঝাড়া থানা পুলিশ উপজেলার রাজিহার বাজারে স্থানীয় বাসিন্দা দুই শিবির কর্মী রফিকুল ও কালামকে সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে আটক করে।এছাড়াও মুলাদী ও মেহেন্দীগঞ্জ থানায় দুই জন করে এবং উজিরপুর ও হিজলা থানায় একজন করে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
পটুয়াখালীতে জামায়াত-শিবিরের ১১ জন আটক
পটুয়াখালীতে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম এ ছালাম খানসহ ইসলামী ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম এ ছালাম খান, মির্জাগঞ্জে জামায়াত নেতা মো. হানিফ খান, আবু হানিফ হাওলাদার (মাস্টার), আমিরুল ইসলাম মাস্টার, আলমগীর হোসেন আলম, কলাপাড়া উপজেলা আমীর অধ্যাপক আবদুল খালেক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক মাও.সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির নেতা মো. মহিব উল্লাহ, দুমকি উপজেলা জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান ও মো. শাহজাহান, দশমিনায় মাওলানা মোস্তাফিজুর রহমান।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করছিল, এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।
ঝালকাঠিতে জামায়াতের ৬ নেতাকর্মী আটক
ঝালকাঠি সদর, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার ও শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে পুলিশ ৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছেন।
আটকরা হলেন, জেলার নলছিটি উপজেলার সাবেক আমীর আবু বকর সিদ্দিক (৪২), ঝালকাঠি শহর শাখা জামায়াতের সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু (৩২), কাঁঠালিয়া জামায়াত কর্মী মো. শহিদ (৩২), রাসেল (২৮), অলিদ (২৬) ও রুবেল (২২) ।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান জানান, ঢাকায় ইসলামী ও সমমনা দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এদের আটক করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি মো. তোফাজ্জল হোসেন জানান, আটক শহিদ, রাসেল, অলিদ ও রুবেলকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
বরগুনা জামায়াত সেক্রেটারিসহ গ্রেপ্তার ৮
বৃহস্পতিবার বরগুনা জেলা জামায়াত সেক্রেটারি এসএম আফজালুর রহমানসহ ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অন্যরা হলেন জেলা শহরের জামায়াত কর্মী হাবিবুল্লাহ বেলালী, রেজাউল ইসলাম, আবদুল জলিল, পাথরঘটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সভাপতি আবুল কালাম, বেতাগীর রফিকুল ইসলাম ও আমতলী উপজেলা সেক্রেটারি আবু জাফর। একজনের নাম জানা যায়নি।
শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, বিশৃংখলা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।