ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য;১৪ জেলের কারাদন্ড
১০ আশ্বিন ১৪১৯, Tuesday, September 25, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা থেকে ইলিশ মাছ শিকার ও বিক্রির অভিযোগে বরিশালের হিজলা উপজেলার পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এ সাজা দেন।
হিজলা থানার ওসি শওকত আনোয়ার বলেন, ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত ভোর রাত থেকে হিজলার বিভিন্ন নদীতে অভিযান চালায়। ইলিশ মাছ ধরার সময় চার জেলেকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া ইলিশ মাছ বিক্রির সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারদণ্ড দেয়া হয়।
চরফ্যাশনে ৯ জেলের কারাদণ্ড
এদিকে ভোলার চরফ্যাশন উপজেলায় ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ এ রায় দেন।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম চরফ্যাশনের মেঘনায় অভিযানে নামে। অভিযান দলটি মেঘনার বেতুয়া ও সামরাজ ঘাট এলাকা থেকে ৮টি ট্রলার, ৫শ পিস ইলিশসহ ৯ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বলেন, আটক মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে ১১ দিনের জন্য ইলিশ ধরার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।