ভোলায় এক রাতে ৮৯ জেলে আটক
১৫ আশ্বিন ১৪১৯, Sunday, September 30, 2012 || স্টাফ রিপোর্টার ||ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে ৮৯ জেলেকে ৭টি ট্রলার ও ৭ লাখ মিটার কারেন্ট জালসহ আটক করা হয়েছে। এসময় ৫ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।
ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ড, পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি দল শনিবার গভীররাত থেকে রোববার সকাল পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালায়।
তারা এসময় ভোলা সদরের কাঠির সাথা ও ভোলার খাল থেকে ১টি ট্রলার, জাল ও মাছসহ ৮ জেলেকে আটক করেন। তজুমদ্দিন উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ১টি ট্রলারসহ ৬ জেলে, চরফ্যাশনের সামরাশ, বেতুয়া, শিবচরসহ বিভিন্ন পয়েন্ট থেকে ৫টি ট্রলারসহ ৭৩ জন ও লালমোহন থেকে ২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক জালগুলো মেঘনার পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো বিভিন্ন অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ ধরার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।