টেন্ডার: বরিশাল ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া
২০ অগ্রহায়ন ১৪১৯, Tuesday, December 4, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল সদর উপজেলার প্রায় সাড়ে ৩ কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন ও বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে নগরীর সিঅ্যান্ডবি রোড উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে ঠিকাদারি কাজের দরপত্র জমা দিতে আসন মঈন তুষার ও জসিমউদ্দিনের অনুসারীরা। এ সময় তারা দরপত্র জমা দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে তুষার অনুসারী সায়ীদি আহত হন।
এ খবর পেয়ে শতাধিক লোক নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে জসিম গ্রুপকে ধাওয়া করে তুষার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল সদর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সদর উপজেলার ৪টি কমিউনিটি স্কুল পুণঃনির্মাণ ও সংস্কারের জন্য ৩ কোটি ৩২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়।
মঙ্গলবার দুপুর ১ টায় ওই দরপত্র জমাদানের শেষ সময় ছিল। দরপত্র জমা হয়েছে । তবে ওই সময়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঈন তুষার জানান, তার সমর্থকরা দরপত্র জমা দিতে গেলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম গ্রুপের লোকজন তাতে বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়।
জসিমউদ্দিন জানান, তার সঙ্গে কোনো ঝামেলা হয়নি। তুষার ছাত্রলীগের কয়েক জন নেতার কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের সঙ্গে তুষারের ঝামেলা হয়েছে বলে শুনেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।