জামায়াত নিষিদ্ধের দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল

,

জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই দিন হরতালের ডাক দিয়েছে কয়েকটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চাও।
শুক্রবার সকালে পুরানা পল্টনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ” জামায়াত দাবি তুলেছে- যুদ্ধাপরাধীদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বিলুপ্ত ঘোষণা করতে হবে। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল অপরাধ।”
সিপিবি সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, “জামায়াতের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে আগামী ১৮ ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করব।”
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঘরে বসে থাকবেন না, আত্মগ্লানি মোচনের সময় এসেছে। এর আগে রাজাকাররা হরতাল করেছে, এবার আমরা মুক্তিযোদ্ধারা হরতাল পালন করব।”
তিনি বলেন, “১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ চুক্তি অনুসারে এদেশে জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এছাড়া ১৯৭২ এর সংবিধানের ১২ এবং ৩৮ অনুচ্ছেদ অনুসারেও তাদের রাজনৈতিক কার্যকলাপ এদেশে অবৈধ।”



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে