স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির সেই ৩০ সদস্য এবং তাদের সন্তানরা
৩১ শ্রাবণ ১৪১৭, Sunday, August 15, 2010 || স্টাফ রিপোর্টার ||ষ্টাফ রিপোর্টার,১৫ আগষ্ট।।মুক্তিযুদ্ধের সময়ে বরিশালে গঠিত হয় স্বাধীনতা বিরোধী ৩০ সদস্যের শান্তি কমিটি। ৭১’ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রব। ৩০ সেপ্টেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন বিএনপি শাসনামলের রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস।
অন্যান্য পদগুলোতে দায়িত্বপালনকারীরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট প্রমোদ কুমার সেন, অ্যাডভোকেট শমসের আলী, সৈয়দ হাতেম আলী, শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবুল হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নগরীর নুরিয়া স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক জামায়াত নেতা মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান লঞ্চ ব্যবসায়ী গোলাম মাওলা, দপ্তর সম্পাদক আমানতগঞ্জ এলাকার সৈয়দ শের আলী মোক্তার, কার্যকরী সদস্য মাওলানা বশির উল্লাহ আতাহারী, বিডি হাবিবুল্লাহ, আলহাজ্ব আদম আলী, হাতেম আলী কলেজের তৎকালীন অধ্যক্ষ কাজী মোতাহার হোসেন, ক্যাপ্টেন নজিব উদ্দিন আহমেদ, শামসুদ্দিন তালুকদার, ডা. ইমান আলী, নওয়াব আলী, আমজেদ মৃধা, অ্যাডভোকেট মিনাজ উদ্দিন, মীর আনোয়ার হোসেন, সৈয়দ ফজলে আলী, মুনসুর মিরা, আতাউর রহমান মুন্সী, মতিউর রহমান তালুকদার, কাঞ্চন গাজী, রাজ্জাক চৌধুরী, স্বরুপ আলী মিয়া, জবান আলী খান, আফসার উদ্দিন সরদার এবং আব্দুল মজিদ মুন্সী।
উল্লেখিতদের মধ্যে বর্তমানে জীবিত আছেন একমাত্র গোলাম মাওলা।
এদিকে শান্তি কমিটির তালিকায় থাকা বেশ কয়েকজনকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বর্তমান প্রজন্মের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত সৈয়দ হাতেম আলী এবং মাওলানা বশিরউল্লাহ আতাহারীসহ অনেকের নাম শুনে চমকে উঠেছে সবাই। এদের পুত্র-পরিজনদের বর্তমান অবস্থান নিয়েও উঠেছে আলোচনার ঝড়।
তালিকায় থাকা ডা. ইমান আলীর পুত্র সৈয়দ গোলাম মাসউদ বাবলু বরিশালের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন তৎকালীন শান্তি কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ শের আলী মোক্তারের পুত্র সৈয়দ আনিস। মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন অধ্যক্ষ কাজী মোতাহার হোসেনের ছেলে অ্যাডভোকেট কাজী মুনির। ঢাকায় দাপটের সঙ্গে মিডিয়া অঙ্গণে বিচরণ করছেন বিডি হাবিবুল্লাহর ছেলে আমানউল্লাহ। সৈয়দ হাতেম আলীর পুত্র কাওসার হোসেন ছিলেন উপজেলা চেয়ারম্যান। বর্তমানে ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন স্বরূপ আলী মিয়ার পুত্র সেলিম হাওলাদার।
মুক্তিযোদ্ধারা বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে এদের দাপটের কাছে অসহায় ছিল নগরবাসী। বর্তমান প্রেক্ষাপটে এইসব যুদ্ধাপরাধী ও তাদের বর্তমান প্রজন্মকে কোনরকম ছাড় দেয়া হলে শান্তি পাবে না স্বাধীনতার জন্য জীবন দেয়া ৩০ লাখ শহীদ।’




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।