সাঈদীর পক্ষে কথা বলায় পুলিশ কনস্টেবল প্রত্যাহার

,

যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে তিরস্কার ও কটুক্তির অভিযোগে বরগুনা সদর থানা পুলিশের কনস্টেবল আবদুল জলিলকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকালে বরগুনা সদর উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলছিল। এসময় পুলিশ কনস্টেবল আবদুল জলিল মুক্তিযোদ্ধাদের সঙ্গে অসদাচরণ করেন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন সাঈদীকে নিরাপরাধ দাবি করে তার বিচার প্রক্রিয়া নিয়ে তিরস্কার ও কটুক্তি করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমাকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ কনস্টেবলকে থানায় পাঠিয়ে দেন। রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।
এ ব্যাপারে বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে চাকরিচ্যুত করা হবে। পুলিশ কনস্টেবল আবদুল জলিল এবিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে