সরকার গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করছেনা-ইনু

,

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মহাজোট সরকারের চার বছরে গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। বরং গণমাধ্যমের পরিধি বাড়ানোর জন্য আইন করা হয়েছে।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত সংগঠনের সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, বৈশাখী টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এমকে বাশার ও সাংবাদিক নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ ও শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ সাব-এডিটরদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নিজেকে আপাদমস্তক সাব এডিটর হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘সাব এডিটররা হচ্ছেন সংবাদপত্রের মুকুটহীন সম্রাট।’ তিনি সাব-এডিটরদের পক্ষে ওয়েজবোর্ড বাস্তবায়নে তথ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
ওয়েজ বোর্ডের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড ঘোষণা হলেও অনেক সংবাদপত্র মালিক এখনো তা বাস্তবায়ন করছে না। এ ব্যাপারে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’
সরকার সাংবাদিকদের কল্যাণে ‘কল্যাণ তহবিল’ গঠনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে